বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি: সম্ভাব্য নেতৃত্ব নিয়ে যারা আসছেন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম

1726

ছাত্রদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সংগঠনের ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা, অভ্যন্তরীণ মতপার্থক্য এবং ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়াসহ নানা কারণ সামনে আসায় নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। দলীয় সূত্র বলছে, সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে।

এদিকে সম্ভাব্য নেতৃত্বে আসতে পারেন, এমন নেতাদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংগঠনের ভেতরে-বাইরে নতুন নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদকএই দুই গুরুত্বপূর্ণ পদে, তা নিয়ে তৃণমূল পর্যায়েও কৌতূহল তৈরি হয়েছে।

নতুন নেতৃত্ব নির্ধারণে চলছে আলোচনা

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং দীর্ঘদিন রাজপথে ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তবে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির  চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগঠনের সাংগঠনিক অভিভাবক হিসেবে তার সিদ্ধান্তই নতুন কমিটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দলীয় নেতারা মনে করছেন।

কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় যারা

ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটিতে ২০০৯-১০ থেকে ২০১১-১২ সেশনের নেতাদের মধ্য থেকেই নেতৃত্ব আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আলোচনা রয়েছে।

২০০৮-০৯ সেশন থেকেও কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল উল্লেখযোগ্য। এছাড়া একই সেশনের মনজরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল এবং শাফি ইসলামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন।

২০০৯-১০ সেশনের নেতাদের মধ্যে ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন বলে সংগঠনের ভেতরে আলোচনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান ও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন।

এ ছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভও নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আলোচনায় রয়েছেন।

অন্যদিকে ২০১০-১১ সেশনের নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নম্বর সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহর নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।

২০১১-১২ সেশনের কয়েকজন নেতাও আলোচনায় উঠে এসেছেন। তাদের মধ্যে রাজু আহমেদ, নাছির উদ্দিন শাওন, গাজী সাদ্দাম হোসেন, তারেক হাসান মামুন, মিনহাজ আহমেদ প্রিন্স, সাইদুর রহমান, ইব্রাহিম খলিল, মাহমুদ ইসলাম কাজল এবং শামিম আকতার শুভ উল্লেখযোগ্য।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এবং মমিনুল ইসলাম জিসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যদের মধ্যে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন আনিসুর রহমান খন্দকার অনিক এবং গাজী মো. সাদ্দাম হোসেনও।

নতুন কমিটি নিয়ে নেতাদের মতামত

আলোচিত নেতাদের মতে, নতুন কমিটি গঠন একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। সংগঠনের আন্দোলন-সংগ্রামে যারা দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং রাজপথে ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন।

তারা আরও বলেন, দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই নতুন কমিটি গঠন প্রয়োজন। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যাদের দায়িত্ব দেবেন, সংগঠনের সবাই সেই সিদ্ধান্ত মেনে নেবেন।

বর্তমান কমিটির মেয়াদ শেষ

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দেওয়া হয়।

দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ চলতি বছরের ১ মার্চ শেষ হয়েছে। ফলে নতুন নেতৃত্ব ঘোষণার অপেক্ষায় রয়েছে সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!