প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
1693
১৫ মে ২০২৬, ০১:৩৬ এএম
সাগর-রুনি হত্যার প্রতিবাদ সমাবেশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা জানান, হত্যা মামলার তদন্তে যথাযথ আন্তরিকতা নেই।
সাংবাদিক নেতাদের বক্তব্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত কোনো সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। একে একে তিন সরকার দায়িত্ব নিয়েও সাগর-রুনি হত্যার বিচারে কোনো অগ্রগতি দেখা যায়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সূচি ইতিমধ্যেই ১২৫ বার পিছিয়ে গেছে। নেতারা মনে করেন, সরকার যদি আন্তরিক থাকত, এত দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়া থমকে থাকত না।
নেতারা আশা প্রকাশ করেন, নতুন সরকার আসার পর এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত এবং সুষ্ঠুভাবে হবে। তারা উল্লেখ করেন, সরকারকে স্মারকলিপি প্রদান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হবে। এছাড়া প্রয়োজনে সাংবাদিকরা আন্দোলনেও যাবে। এই হত্যার বিচার না হওয়া শুধু সাংবাদিক অঙ্গনের জন্য নয়, স্বাধীন দেশের নৈতিক মর্যাদার জন্যও লজ্জার বিষয়।
এদিকে, চারটি সংস্থাকে এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কেউই সময়মতো প্রতিবেদন জমা দিতে পারেনি। বর্তমানে তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নেতারা বলেন, আন্তরিকতার অভাবে আজও বিচার প্রক্রিয়া স্থগিত রয়েছে।
সমাবেশে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউ’র সিনিয়র সদস্য মশিউর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।