প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম
1697
১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
দেশে করোনা মহামারির সময় জনগণের সুরক্ষায় ভ্যাকসিন কেনায় মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রশ্নোত্তর টেবিলে তা উপস্থাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিনসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী আমদানি ও ক্রয়ের জন্য ২০২০-২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দের মধ্য থেকে ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।
তিনি আরও জানান, ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনার জন্য সিরিঞ্জ ক্রয়ে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভ্যাকসিন সরবরাহে পরিবহন খাতে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা ৩৫৪ এবং সিরিঞ্জ পরিবহন ও শিপিং চার্জ বাবদ ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা খরচ হয়েছে।
ভ্যাকসিন ক্রয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।