বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৬:০০ পিএম

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম

1706

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর ২২ ও ২৩ এপ্রিল জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সেই হিসেবে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের মোর্চা একটি আসন পেতে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, যদি অতিরিক্ত প্রার্থী না থাকে, তবে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ। বিএনপি জোট তাদের ৩৬ জন প্রার্থী চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকজন ইতোমধ্যে জমা দিয়েছেন। শেষ দিনে বাকিরাও জমা দেবেন বলে জানা গেছে।

Link copied!