বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৮:২৮ পিএম

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

1705

প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।

উপজেলা পরিষদগুলোতে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ অফিস কক্ষ বা ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর কাছে ফ্লোর নিয়ে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে যেখানে সম্ভব, সেখানে সংযুক্ত বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সংসদ সদস্যদের জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে।

তিনি আরও বলেন, বিধিমালা অনুযায়ী সরাসরি সংসদ সদস্যদের নামে কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তাই এই কক্ষের নাম রাখা হবে ‘পরিদর্শন কক্ষ’। এখানে বসে এমপিরা দাপ্তরিক কাজ পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

প্রতিমন্ত্রী জানান, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য আলাদা করে এমন কক্ষের ব্যবস্থা থাকবে।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব সংসদ সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংশ্লিষ্ট ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে কক্ষ প্রস্তুত করার আহ্বান জানান।

Link copied!