প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম
1690
১৫ মে ২০২৬, ০৫:২২ এএম
উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা International Organization for Migration (আইওএম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইওএমের সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোয়িতা জানান, সাম্প্রতিক বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি ছিল। বিশেষ করে রোহিঙ্গা ও আফগান নাগরিকদের মধ্যে প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্য।
তিনি বলেন, বাহ্যিকভাবে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা কমেছে বলে মনে হলেও বাস্তবে তা নয়। বরং সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিভিন্ন দেশের অভিবাসননীতি এবং শ্রমবাজারের চাহিদার কারণে অভিবাসনের ধরণ বদলে যাচ্ছে।
আইওএমের তথ্য অনুযায়ী, অনেক অভিবাসনপ্রত্যাশী এখন প্রচলিত পথ ছেড়ে বিকল্প রুট ব্যবহার করছেন, যা তুলনামূলকভাবে দীর্ঘ, জটিল এবং ঝুঁকিপূর্ণ। ফলে এসব পথে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি আরও বেড়েছে।
যদিও ২০২৫ সালে প্রাণহানির সংখ্যা ২০২৪ সালের তুলনায় কিছুটা কম। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৯ হাজার ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছিলেন।
তবে মারিয়া মোয়িতা সতর্ক করে বলেন, সংখ্যাগত এই হ্রাসকে প্রকৃত পরিস্থিতির উন্নতি হিসেবে দেখার সুযোগ নেই। কারণ অনেক মৃত্যুর ঘটনা এখনো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় না।
তিনি আরও জানান, ২০২৫ সালে প্রায় ১ হাজার ৫০০ মানুষ সমুদ্রপথে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো দেশের সরকার বা স্বীকৃত আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে নিশ্চিত তথ্য না পাওয়ায় এই সংখ্যা আনুষ্ঠানিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
বিশ্লেষকদের মতে, অনিরাপদ অভিবাসন রোধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।