বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

ইরানের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ হস্তান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

1690

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

জানা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ কোটি টাকা অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান করে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংকটের সময় এই সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ।

Link copied!