প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম
1693
১৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম
দেশে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে তীব্র লোডশেডিং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়া প্রয়োজন।
তিনি বলেন, রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে জনগণকে স্বস্তি দিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। সংকট নেই—এমন বক্তব্য দিয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
রিজভী বলেন, কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের জনগণকে আশ্বস্ত করার পাশাপাশি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক নানা কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা এর পেছনে ভূমিকা রাখছে। এই বাস্তবতায় সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চাপ তৈরি হলেও তা মোকাবিলায় দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে তিনি দায়িত্বশীলদের বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।