প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম
1691
১৪ মে ২০২৬, ০৪:২২ পিএম
ঢাকায় সাংবাদিক, ডাকসুর একাধিক নেতা এবং ছাত্রশিবিরের এক কর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ঘটনাটিকে পরিকল্পিত হামলা আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ভুয়া ও বানোয়াট’ স্ক্রিনশট ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মী আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। এর জেরে প্রাণনাশের আশঙ্কায় তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে সংগঠনটি।
ছাত্রশিবিরের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে একদল কর্মী সেখানে জড়ো হয়ে হামলা চালায়। পরে তাকে উদ্ধারে গেলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যোবায়ের ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদের ওপরও হামলা হয়। হামলায় আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ অন্য নেতারা ঘটনাস্থলে গেলে তাদের প্রতিও হামলার চেষ্টা চালানো হয় বলে দাবি করা হয়।
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
বিবৃতিতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের অভিযোগও তোলা হয়। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করে ছাত্রশিবির।
সংগঠনটি বলেছে, পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার অভিযোগ
যৌথ বিবৃতিতে ছাত্রশিবির অভিযোগ করে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংঘাত তৈরির চেষ্টা চলছে।
তাদের ভাষ্য, ছাত্রসমাজ যে আদর্শভিত্তিক ও জ্ঞাননির্ভর রাজনীতির প্রত্যাশা করেছিল, সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রত্যাশার পরিপন্থী। বিভিন্ন ক্যাম্পাসে বিনা উসকানিতে হামলা ও উত্তেজনা তৈরির অভিযোগও তুলে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক এই হামলা বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অংশ হতে পারে এবং এ ধরনের ঘটনায় শিক্ষাঙ্গনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার দাবি
ছাত্রশিবির শাহবাগ থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানায়। একইসঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি পূরণে প্রয়োজন হলে ছাত্র-জনতা রাজপথে কর্মসূচিতে নামতে বাধ্য হবে।
ঘটনাটি ঘিরে রাজধানীর রাজনৈতিক ও ছাত্ররাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।