বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৮:১৮ পিএম

আমরা প্রক্সি প্রধানমন্ত্রী নয়, জনগণের প্রধানমন্ত্রী চাই: আব্দুল্লাহ আল জাবের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

1691

আব্দুল্লাহ আল জাবের

রাজধানীতে আয়োজিত এক সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে রাষ্ট্রে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে।
শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, ঐতিহাসিকভাবে এ প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর ভিত্তি গড়ে উঠেছিল। তবে বর্তমানে গণভোটের ধারণা নিয়ে বিভ্রান্তি ও বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সংবিধান ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য থাকলেও বাস্তবে জনগণের মতামতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। জনগণের সিদ্ধান্ত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে তা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি বলেন, দেশের শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। “আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না,”—উল্লেখ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যদি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ না রাখেন, তাহলে তা প্রকৃত গণতন্ত্রের পরিপন্থী।
আব্দুল্লাহ আল জাবের দাবি করেন, যদি রাষ্ট্রে গণভোটের রায় বাস্তবায়ন না করা হয় এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর না হয়, তাহলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না।
তিনি আরও অভিযোগ করেন, অতীত রাজনৈতিক আদর্শ ও বক্তব্য যথাযথভাবে অনুসরণ না করায় বর্তমান রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশের শেষে তিনি বলেন, রাষ্ট্রকে একটি ন্যায়ভিত্তিক কাঠামোর দিকে নিয়ে যেতে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং রাজনৈতিক সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে হবে।

Link copied!