প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
1694
১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হাসপাতালসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের চিকিৎসা পর্যটন খাত আরও সুসংগঠিত হবে এবং বাংলাদেশি রোগীরা ভারতে উন্নত চিকিৎসাসেবায় সহজ ও নির্বিঘ্ন প্রবেশাধিকার পাবেন।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
অনুষ্ঠানে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন এবং মণিপাল হেলথ এন্টারপ্রাইজেসের গ্রুপ কনসালট্যান্ট জিথু জোসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় রিদম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রণয় ভার্মা বলেন, এই চুক্তি বাংলাদেশ ও ভারতের জনগণকেন্দ্রিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। স্বাস্থ্যসেবা ও যোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান তিনি।
মণিপাল হেলথ এন্টারপ্রাইজেসের গ্রুপ প্রধান পরিচালন কর্মকর্তা কার্তিক রাজাগোপাল বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান একটি সম্মিলিত দায়িত্ব, যা দেশের সীমানা পেরিয়ে মানুষের কল্যাণে কাজ করে। রিদম গ্রুপের অভিজ্ঞতা ও সক্ষমতার মাধ্যমে বাংলাদেশি রোগীরা বিশ্বমানের চিকিৎসাসেবা গ্রহণে আরও সহজ সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিদম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন জানান, এই অংশীদারিত্ব বাংলাদেশের রোগীদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। এতে নির্ভরযোগ্য চিকিৎসা দিকনির্দেশনা, সহজ ভ্রমণ ব্যবস্থাপনা এবং উন্নত চিকিৎসা সুবিধায় দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ দেশের ক্রমবর্ধমান চিকিৎসা পর্যটন খাতকে আরও সুসংগঠিত করবে। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ও স্বাচ্ছন্দ্য বাড়াবে।
চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, উপযুক্ত হাসপাতাল নির্বাচন, ভিসা সহায়তা এবং ভ্রমণ ব্যবস্থাপনাসহ পূর্ণাঙ্গ সেবা পাবেন। এছাড়া দ্বিতীয় চিকিৎসা মতামত গ্রহণ, চিকিৎসা নথি বিশ্লেষণ এবং রোগীভিত্তিক বিশেষ পরামর্শও প্রদান করা হবে।
রিদম গ্রুপের ভ্রমণ, বিমান ও লজিস্টিকস খাতে অভিজ্ঞতার সঙ্গে মণিপাল হাসপাতালসের বিস্তৃত চিকিৎসা নেটওয়ার্কের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে মণিপাল হাসপাতালের অধীনে ৪৯টি হাসপাতাল, ১২ হাজার ৬০০-এর বেশি শয্যা এবং ১১ হাজারেরও বেশি চিকিৎসক রয়েছেন।
এছাড়া রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, আবাসন ব্যবস্থা এবং বিমান ভাড়ায় বিশেষ সুবিধাসহ সমন্বিত ভ্রমণ সুবিধা নিশ্চিত করা হবে।
উভয় প্রতিষ্ঠান একটি ডিজিটাল ভিডিও পরামর্শ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও গ্রহণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশি রোগীরা বিদেশে যাওয়ার আগেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে দূরবর্তীভাবে পরামর্শ করতে পারবেন।
দীর্ঘমেয়াদে, বাংলাদেশে আধুনিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে একটি বহুমুখী হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।