প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
1689
১৪ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (২৫ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।
সিটিটিসি সূত্র জানায়, ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। এরপর তথ্য বিশ্লেষণ করে প্রথমে ২০ এপ্রিল রাতেই ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ধাপে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থেকে সালমান এবং দিনাজপুর থেকে মেছবাউল আলম মাহিনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় অভিযান চালিয়ে মহিদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করে সিটিটিসি।
পুলিশ জানায়, গ্রেফতারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার একাধিক প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করত এবং এর মাধ্যমে অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল।
এই ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।