বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:৪৯ পিএম

সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনায় ফ্লাই দুবাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

1691

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম। এতে প্রবাসী যাত্রী ও বিদেশগামীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মন্ত্রী। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী ও যাত্রীদের সুবিধা বিবেচনায় আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। তবে বিমান ছাড়া বর্তমানে অন্য কোনো বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে না।
তিনি বলেন, ফ্লাই দুবাই ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। পরে বাংলাদেশ থেকে কার্যক্রম বন্ধ করলেও এখন আবার সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে রুট পরিচালনার সিদ্ধান্ত নেয়। সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগ্রহী এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও কার্গো পরিবহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনায় কোনো বড় প্রতিবন্ধকতা নেই।
সংশ্লিষ্টদের মতে, ফ্লাই দুবাই পুনরায় ফ্লাইট চালু করলে সিলেট অঞ্চলের প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমবে, যাত্রীসেবা বাড়বে এবং রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Link copied!