প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম
1704
১৪ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৯ এপ্রিল এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। ফলে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ দুই দফা পেছানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ একাধিক মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ গঠন করা হয়েছে।
গত ২ মার্চ প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে আসামিরা বিভিন্নভাবে উসকানি দিয়েছেন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারের পরিবেশ তৈরি করেন এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে গত ১১ মার্চ অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করে। তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দাবি করেন, প্রসিকিউশন পক্ষ অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আসামিদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণও দেখাতে ব্যর্থ হয়েছে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর ধারাবাহিক শুনানি শেষে আজকের এই আদেশকে মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।