বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:৩১ পিএম

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যে শ্রম আইন বাস্তবায়ন গুরুত্বপূর্ণ: মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

1704

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে শ্রম আইন বাস্তবায়ন ও এর কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতে দুই দেশের শ্রম খাত, বাণিজ্য সহযোগিতা এবং চলমান শ্রম সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, শ্রম আইন বাস্তবায়নের অগ্রগতি এবং এর সঠিক প্রয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত বিধিমালা জারি করে আইনটি কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রম খাতের উন্নয়ন ও শ্রমিক অধিকার সুরক্ষায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শ্রম–সম্পর্কিত ১১ দফা সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে “শ্রম আইন (সংশোধন), ২০২৬” জাতীয় সংসদে পাস হয়েছে।
মন্ত্রী আরও জানান, শ্রম আইন বাস্তবায়নে বিধিমালা দ্রুত প্রণয়ন করা হবে এবং আইনটি কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা কামনা করেন তিনি।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের শ্রম আইন সংশোধনের উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ও যুক্তরাষ্ট্রের সুপারিশ অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম খাতে সংস্কারমূলক উদ্যোগগুলোকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদী।
সাক্ষাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!