প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:১৮ এএম
1701
১৪ মে ২০২৬, ১০:৩১ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বক্তব্য রাখছেন
অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্যের স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি অপতথ্য প্রতিরোধ করে পরিচ্ছন্ন তথ্যপ্রবাহ নিশ্চিত করা বর্তমানে সমাজ ও রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ।
রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহ একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এটিকে অক্সিজেনের সঙ্গে তুলনা করে বলেন, যেমন অক্সিজেন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, তেমনি নির্ভুল তথ্য ছাড়া একটি সমাজ বা রাষ্ট্র দীর্ঘস্থায়ী হতে পারে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য সমাজকে বিপথে পরিচালিত করে এবং ধীরে ধীরে তা একটি বড় সংকটে রূপ নেয়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্যের ঘাটতি নেই, বরং নির্ভরযোগ্য তথ্যের অভাব প্রকট। ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং জ্ঞানভিত্তিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ প্রয়োজন।
জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের সামাজিক ও রাজনৈতিক পরিসরে জবাবদিহিতার সংস্কৃতি এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তথ্যপ্রবাহ অবাধ করার পাশাপাশি এর মান ও স্বচ্ছতা বজায় রাখতে একটি শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সরকার নিজেকে নিয়ন্ত্রণকারী নয়, বরং সেবাদানকারী হিসেবে তথ্যপ্রবাহের সঠিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি জানান, সঠিক তথ্যপ্রবাহ ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সংবাদপত্র মালিক সমিতির সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।
সেমিনারে মতিউর রহমান চৌধুরী বলেন, বর্তমানে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে প্রচলিত সংবাদমাধ্যমগুলো চাপের মধ্যে রয়েছে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভুল তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. এ এস এম রেজওয়ান উল আলম। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন একটি বেসরকারি যোগাযোগ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান।
সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে দেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।