বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:৪২ পিএম

এলডিপি থেকে বিএনপিতে যোগদানের দাবি, ‘অপপ্রচার’ বললেন কর্নেল অলির ছেলে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:২০ এএম

1702

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এ যোগ দিয়েছেন—এমন দাবি করা হয়েছে স্থানীয় একটি অনুষ্ঠানে। তবে বিষয়টিকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ওমর ফারুক।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগদানকারীদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা ভবিষ্যতে বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়নের নেতা আমিরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের কর্মীরাও এদিন যোগ দেন বলে জানানো হয়।

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন ওমর ফারুক। তিনি দাবি করেন, এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবরটি বাস্তব নয় এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তার ভাষায়, এলডিপির আদর্শবান কর্মীদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সফল হবে না।

তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থে দলবদল করা এলডিপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণ এসব বিষয় সম্পর্কে সচেতন। সময়মতো এসবের যথাযথ জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

Link copied!