প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৫৩ এএম
1701
১৪ মে ২০২৬, ০৭:৫২ পিএম
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’র একটি ওয়ার্কশপে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে অসংখ্য কারখানা রয়েছে।
সোমবার (স্থানীয় সময়) বিকেল ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। এতে বহু শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ সদস্য উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। কারণ, কারখানার কাছেই বিপুল পরিমাণ দাহ্য পদার্থ, বিশেষ করে কালো বারুদের গুদাম রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, চীন বিশ্বে আতশবাজি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, বৈশ্বিক আতশবাজির বড় একটি অংশই চীনে উৎপাদিত হয়।