বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:৫০ পিএম

পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৪৯ এএম

1702

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি পুলিশ বাহিনীকে দেশের জনগণ ও স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি পুলিশ সদস্যদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে রাজারবাগ পুলিশ লাইন্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে চট্টগ্রামে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং রাজারবাগে পুলিশের প্রতিরোধ মুক্তিযুদ্ধকে আরও বেগবান করেছিল।

তিনি বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের সময়কার কিছু রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে এখনো গবেষণার সুযোগ রয়েছে। বিশেষ করে উত্তাল মার্চে সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রিত রাখার বিষয়টি ইতিহাস গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে।

অনুষ্ঠানে পুলিশের বর্ণাঢ্য প্যারেড উপভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রতীক।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। দেশের মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়, আর সেই প্রত্যাশা পূরণে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে।

প্রধানমন্ত্রী নারী পুলিশ সদস্যদের ভূমিকাকেও প্রশংসা করেন। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের পেশাদারিত্ব ও মানবিকতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

দেশের ভেতরেও জনগণের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের আস্থা অর্জনে মানবিক পুলিশিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Link copied!