প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৫৮ এএম
1697
১৪ মে ২০২৬, ০৭:৫২ পিএম
পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৯ মে ২০২৬ পর্যন্ত মোট ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনের জন্য ১৮ এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়। এ পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
ফ্লাইট পরিচালনার হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
যাত্রী পরিবহনের দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী। এছাড়া সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে সৌদি পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন যাত্রী।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন মেডিকেল সেন্টার থেকে এ পর্যন্ত ২১ হাজার ১৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৩ হাজার ৭৮০টি বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।
এদিকে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় মারা গেছেন ২ জন।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে হজযাত্রী বহনের শেষ ফ্লাইট পরিচালিত হবে আগামী ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।