প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৩৬ পিএম
1697
১৫ মে ২০২৬, ০১:১৪ এএম
মির্জা ফখরুল
মা দিবস উপলক্ষে দেশের সব নাগরিককে মায়েদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন ‘মা’।
রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক মা দিবস” উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট কোনো দিন-ক্ষণের প্রয়োজন নেই, তবুও বিশ্বব্যাপী এই দিনটি বিশেষভাবে পালন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘মা’ একটি ছোট শব্দ হলেও এর ব্যাপকতা ও তাৎপর্য অসীম। মা সন্তানকে পৃথিবীর আলো দেখান এবং তাকে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, একজন সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের শিক্ষা ও স্নেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মায়ের সহচর্যেই সন্তানের মধ্যে মানবিক গুণাবলির বিকাশ ঘটে এবং তার ব্যক্তিত্ব পরিপূর্ণতা পায়।
বিএনপি মহাসচিব বলেন, সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদান থাকে সবচেয়ে বেশি। এই নিবেদিতপ্রাণ মানুষটি সারাজীবন সন্তানের জন্য সংগ্রাম করেন এবং নিজের স্বার্থ ত্যাগ করেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে বলেন, নারী সমাজের অগ্রগতিতে তার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। এ কারণেই তিনি “গণতন্ত্রের মা” হিসেবে পরিচিত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মা দিবসে সব নাগরিককে আহ্বান জানাই—মায়েদের যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করতে হবে। কারণ একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি হলো মায়ের প্রতি শ্রদ্ধাবোধ।