প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:৩৯ এএম
1699
১৫ মে ২০২৬, ০১:৩৫ এএম
ব্যারিস্টার সুমন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন–এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে মামলার রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম–এর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”
জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জ জেলায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মিরপুর থানার একটি মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন এবং মামলার রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, আপিল বিভাগের এ আদেশের ফলে ব্যারিস্টার সুমনের জামিন বহাল থাকবে এবং মামলার আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পথ সুগম হবে।