প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:৫১ এএম
1694
১৪ মে ২০২৬, ০৬:০০ পিএম
রাজধানীর মিরপুর-১ এলাকায় পাইকারি কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার ব্যবস্থায় চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে বাজার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং বাজার ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাজারে দোকান দখল, নীরব চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে ব্যবসায়ীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। অনেক ব্যবসায়ী ভয়ভীতির কারণে প্রকাশ্যে কোনো অভিযোগও করতে পারছেন না।
তিনি আরও বলেন, “চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে পণ্যের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি পাচ্ছে। যে পণ্য স্বাভাবিকভাবে ১০ টাকায় বিক্রি হওয়ার কথা, সেটি ১২ বা ১৩ টাকায় বিক্রি করতে হচ্ছে। এর সরাসরি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর।”
বাজার ব্যবস্থার এই অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী চক্রকে দায়ী করে তিনি বলেন, কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না, আবার ভোক্তাও বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, “এই সিন্ডিকেট ভাঙা না গেলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে না। জনগণের স্বার্থে এই অনিয়মের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব। সংসদ ও প্রশাসন চাইলে যৌথভাবে কঠোর সিদ্ধান্ত নিয়ে বাজার ব্যবস্থা স্বাভাবিক করা যেতে পারে।
পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান এবং কোনো ধরনের হয়রানির শিকার হলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদেরও আহ্বান জানান, যেন বাজারের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে জনগণকে সচেতন করা হয়।