বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৩:২৮ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চীনের ৪ দফা প্রস্তাব, ইরানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:৩২ পিএম

1696

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চার দফা শান্তি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবকে সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে ইরান বলে জানিয়েছেন চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের উদ্যোগকে ইরান সমর্থন করছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে শি জিনপিং যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত নিরসনে চার দফা প্রস্তাব উত্থাপন করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের প্রস্তাবের মূল চারটি দিক হলো—
১. শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ
২. রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান
৩. আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখা
৪. উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ইরানের প্রতিক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। তিনি তেহরানের অবস্থানকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের দেওয়া জবাব তার কাছে গ্রহণযোগ্য নয় এবং এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য অবস্থান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের জবাবে বলেছে, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা। তবে তাদের পারমাণবিক কর্মসূচি পরবর্তী ধাপে আলোচনার বিষয় হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, তারা সব ফ্রন্টে আগ্রাসন বন্ধের ওপর জোর দিয়েছে, যার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলাও অন্তর্ভুক্ত। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে তেহরান।

Link copied!