প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
1696
১৫ মে ২০২৬, ০১:৩৩ এএম
তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার-এ আয়োজিত একটি ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ধর্মীয় ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ধর্মীয় অনুশীলন ও মাদরাসা শিক্ষার্থীদের পরিচয় নিয়েও নানা ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যা দেশের ঐতিহ্যগত সম্প্রীতির সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক সম্মানের পরিবেশে বসবাস করে আসছে। ইসলামসহ সব ধর্মই অন্যের বিশ্বাস ও মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয়। তাই সমাজে বিভেদ বা সংঘাত তৈরির কোনো সুযোগ থাকা উচিত নয়।
মন্ত্রী জানান, ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতা তরুণদের নৈতিক শিক্ষা, প্রতিভা ও ইতিবাচক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন সামাজিক শান্তি ও ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকারকে বড় অঙ্কের ঋণ ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি অত্যন্ত প্রয়োজন।
তিনি আগামী দুই বছর দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বিভেদ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী।