প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম
1689
১৫ মে ২০২৬, ১২:২২ এএম
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে হাইমচর থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে। আটককৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজীনগর এলাকায় মেঘনা নদীর তীরে জেগে ওঠা একটি বালুচর স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো। সোমবার বিকেলেও সেখানে খেলাধুলা চললেও পরদিন সকালে এলাকাবাসী দেখতে পান, রাতের মধ্যে ড্রেজার দিয়ে বালু কেটে নেওয়ায় পুরো মাঠটি বিলীন হয়ে গেছে এবং জায়গাটি পানিতে তলিয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হলে আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে এভাবে বালু সরিয়ে নেওয়ায় নদীর তীর দুর্বল হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে।
হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি বাল্কহেড ও একটি আনলোডিং জাহাজ জব্দ করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্লক ফেলা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।