প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:৫৯ পিএম
1698
১৪ মে ২০২৬, ০২:৩০ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী নারী কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তার হওয়া নিশান ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) রাতে দুই বছরের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারার একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন ওই নারী। মেলায় অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে নিশান শিশুসন্তানটিকে মাজার সংলগ্ন একটি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এদিকে দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় কয়েকজন সেখানে এগিয়ে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
ঘটনার পর মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বিকেলে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।