প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:০৭ পিএম
1693
১৪ মে ২০২৬, ০২:৩১ পিএম
যাত্রী কল্যাণ সমিতি
গেল এপ্রিল মাসে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ১১ জন আহত হন। নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বেপরোয়া গতিতে যানবাহন চালানো, ফিটনেসবিহীন গাড়ির ব্যবহার, ট্রাফিক আইন অমান্য করা, সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং চালকদের অদক্ষতা।
সংগঠনটির মতে, মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে।
তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ চালক তৈরি, ট্রাফিক ব্যবস্থার ডিজিটালায়ন এবং আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছে।