প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম
1693
১৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। পরদিন ২০ এপ্রিল সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার মুখোমুখি হন।
এর প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতির পাশাপাশি সকাল ৯টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। তারা জানান, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইন্টার্ন প্রতিনিধি তানভীর আহমেদ তৌকির বলেন, তাদের এক দফা দাবি— চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু বিচার।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।