প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম
1692
১৫ মে ২০২৬, ১২:১৭ এএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও কলাবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ও দুইজন নারী যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।