বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:৪২ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

1705

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। পুরো ক্যাম্পাসে হাঁটুসমান পানি জমে যাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। ক্লাসরুম ও বিভিন্ন ভবনের নিচতলায় পানি প্রবেশ করায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ব্যবসায় শিক্ষা ভবন, কলা ভবন, মিলেনিয়াম ভবনসহ একাধিক ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে। কেন্দ্রীয় লাইব্রেরিতেও পানি ঢুকে পড়েছে। ক্যাম্পাসের বিভিন্ন অংশে শিক্ষার্থীরা পানির মধ্য দিয়ে চলাচল করছেন। কোথাও কোথাও পানিতে নোংরা পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই ক্যাম্পাসে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনার্স পরীক্ষার চলমান সময়ে এই জলাবদ্ধতা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক শিক্ষার্থী বলেন, “মনে হচ্ছে আমরা বন্যার মধ্যে ভেসে পরীক্ষা দিচ্ছি।”
আরেক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে একই সমস্যা চললেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষা না হলেও অল্প বৃষ্টিতেই পুরো ক্যাম্পাস পানিতে ডুবে যায়, যা তাদের পড়াশোনায় বড় ধরনের প্রভাব ফেলছে।
ক্যাম্পাসের সামনের সড়কেও পানি জমে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অটোরিকশাসহ ছোট যানবাহন চলতে না পেরে অনেক সময় বিকল হয়ে পড়ছে। এতে সাধারণ যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আশপাশের এলাকা ক্যাম্পাসের তুলনায় উঁচু হওয়ায় এবং দক্ষিণ পাশে সীমানা প্রাচীর না থাকায় বৃষ্টির পানি সহজেই ক্যাম্পাসে প্রবেশ করছে। জলাবদ্ধতা নিরসনে ৪০ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার আওতায় ক্যাম্পাসের তিন পাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৭০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রতিবছর একই দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের।

Link copied!