প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:১৬ এএম
1698
১৫ মে ২০২৬, ০৩:২৫ এএম
যশোরের শার্শা উপজেলা-র দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে রোববার (৩ মে) রাতেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে, যেখানে বাবার সঙ্গে শেষবার কথা বলতে না পারার আক্ষেপের কথা লেখা ছিল।
নিহত লামিয়া খাতুন (১৩) স্থানীয় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। পারিবারিক সমস্যার কারণে সে মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন। রোববার সকালে তার মা শিখা আক্তার শিরিন জরুরি কাজে যশোরে গেলে লামিয়া বাড়িতে একা ছিল। দুপুরের পর মেয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে আত্মীয়কে বাড়িতে গিয়ে খোঁজ নিতে বললে বিকেলে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
উদ্ধার হওয়া চিরকুটে লামিয়া তার বাবার প্রতি গভীর আবেগ প্রকাশ করে লিখেছে, শেষবারের মতো বাবার সঙ্গে কথা বলার ইচ্ছা পূরণ হয়নি। সে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে মা ও নানার প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করেছে। চিরকুটে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও তার ভেতরের কষ্ট ও অভিমান স্পষ্ট হয়ে উঠেছে।
খবর পেয়ে শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।