প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৪৯ পিএম
1697
১৫ মে ২০২৬, ১২:৫০ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিবু মার্কেট সংলগ্ন রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘরের দরজা-জানালা উড়ে গেছে এবং ভেতরে চারজন দগ্ধ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল আলম বলেন, আব্দুল কাদের পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। তবে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মেহেদী ও রাকিবের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাদের জীবিকার তাগিদে পরিবারসহ ফতুল্লায় বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। তার তিন ছেলে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। তবে পরিবারের একমাত্র নারী সদস্য, যিনি রান্নার জন্য বাইরে ছিলেন, তিনি অক্ষত রয়েছেন।
উল্লেখ্য, এর আগের দিন রোববারও ফতুল্লার আরেকটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তারা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।