বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:৪২ পিএম

ডিএনডি লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু, ভোরে উদ্ধার মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:১৫ এএম

1698

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুইজনের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত দুই কিশোর হলো মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা স্থানীয় গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (১১ মে) মাদরাসার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে পাঁচ বন্ধু একসঙ্গে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতুর পাশে ডিএনডি লেকে গোসলে নামে।

কিছু সময় পর তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি। এরপর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

রাতভর অনুসন্ধানের পর মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে তাদের মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত মনিরুলের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে। তার বাবা মো. জাকির। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে শুভর বাড়ি পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায়। তার বাবা মিজান শিকদার। পরিবার নিয়ে তারা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!