প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম
1691
১৪ মে ২০২৬, ০৪:২২ পিএম
মাগুরার শালিখা উপজেলায় পুত্রবধূকে অপবাদ দিয়ে চুল কেটে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দুপুরে নির্যাতিত ওই তরুণী কৌশলে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনা প্রকাশ পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার তরুণী মিম (২০) শালিখা উপজেলার ২নং তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা। প্রায় এক মাস আগে তার বিয়ে হয় সাত্তর মন্ডলের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী কর্মসূত্রে মাদারীপুরের একটি ইটভাটায় অবস্থান করছেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিমের বিরুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করার অপবাদ তোলে শ্বশুরবাড়ির সদস্যরা। এরপর শ্বশুর সামসুল মন্ডল, ভাসুর উজ্জল গাফ্ফার ও শাশুড়ি রোকেয়া বেগম তাকে জোরপূর্বক ঘরে আটকে রাখে এবং তার চুল কেটে মারধর করে নির্যাতন করে।
পরদিন বুধবার দুপুরে সুযোগ পেয়ে তিনি পালিয়ে স্থানীয়দের কাছে অভিযোগ জানান। স্থানীয়রা দ্রুত পুলিশ ও তার বাবার বাড়ির লোকজনকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মিম বলেন, “মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর শাশুড়ি রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।