প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১০:৩৪ এএম
1699
১৪ জুন ২০২৬, ০৪:৩৯ এএম
আজ ১৮ মে বিশ্ব জাদুঘর দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।
বিশ্ব জাদুঘর দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। দিবসটি ঘিরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একই দিনে সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় জাদুঘরে এসে শেষ হবে।
পরে বেলা ১১টায় জাতীয় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
আন্তর্জাতিক জাদুঘর পরিষদ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম)-এর আহ্বানে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো বিশ্বের জাদুঘরগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি করা এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান সম্পর্কে মানুষকে সচেতন করা।
এছাড়া মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন এবং ছাত্র, শিক্ষক ও গবেষকদের জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণও এ দিবস উদযাপনের অন্যতম লক্ষ্য।
বর্তমানে বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। এসব জাদুঘরের কার্যক্রম পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।