প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০১:০৬ পিএম
1702
১৪ জুন ২০২৬, ০৪:৪১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের মূল কক্ষে শুরু হবে।
সংসদের রেওয়াজ অনুযায়ী, অধিবেশন শুরুর পর নতুন অর্থবছরের বাজেট পেশ করা হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সূূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আনুষ্ঠানিকভাবে সংসদে উপস্থাপন করতে পারেন।
এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বা উদ্বোধনী অধিবেশন সমাপ্ত হয়। ব্যাপক আইন প্রণয়নমূলক কার্যক্রমের মধ্য দিয়ে পরিচালিত ওই প্রথম অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে রেকর্ডসংখ্যক ৯৪টি বিল পাস করা হয়। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এই অধিবেশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।