প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:২৬ পিএম
1703
১৪ জুন ২০২৬, ০১:০৫ এএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার (৭ জুন) দুপুরে তিনি চীনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফর উপলক্ষে বিমানবন্দরে রওয়ানা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তথ্যমন্ত্রীর আসন্ন সফর-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত ও ফলপ্রসূ আলোচনা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সফরকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিখ্যাত চায়না মিডিয়া গ্রুপের বিশেষ আয়োজনে আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘5th CMG Forum’ (৫ম সিএমজি ফোরাম)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং অংশ নেবেন।
এই সফরকালে চীনের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে জহির উদ্দিন স্বপনের একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা ও বিনিময়ের বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও এই বৈঠকে টেবিল আলোচনা হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক বন্ধুভাবাপন্ন সহযোগিতা আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জোরদার হবে।