শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

পরিবেশ দিবস উপলক্ষ্যে ওয়ালটনের মাসব্যাপী র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:২৯ এএম

1714

প্রতি বছরের ন্যায় এবারো ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে মাসব্যাপী র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। ওয়ালটনের এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের উদ্যোগে অত্যন্ত গুরুত্বের সাথে এই কর্মসূচি পালিত হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আইডিয়া শেয়ারিং ও আলোচনা সভাসহ বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন করা হয়। এদিন সকালে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, এবার মাসব্যাপী ভিন্নধর্মী নানা আয়োজনে ইএইচএস বিভাগের উদ্যোগে চলতি বছরের ১৯ মে থেকেই ওয়ালটন হেডকোয়ার্টার্সে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ৭ জুন (রোববার) স্থানীয় বিশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ কমিউনিটি এওয়ারর্নেস প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ের ওপর বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাশাপাশি, পরিবেশের ক্ষতি রোধে ওয়ালটন হেডকোয়ার্টাসের্র আশেপাশের এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ (প্লাস্টিক কালেকশন) ও রিসাইকেল করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক বিশেষ আলোচনা করা হয়। এই সময় আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালিতে পরিবেশবান্ধব গান সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ওয়ালটন পরিবারের অসংখ্য সদস্য অংশ নেন। র‌্যালি শেষে সাধারণ মানুষের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ ও বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী এবং ইএইচএস বিভাগের প্রধান মেস্তাফিজুর রহমান রাজুসহ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী জানান, ওয়ালটন কেবল বিশ্বমানের প্রযুক্তি পণ্য উৎপাদনই করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় শুরু থেকেই সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, *"কারখানা প্রাঙ্গণে ক্ষতিকারক রাসায়নিকের সঠিক ব্যবস্থাপনা, বর্জ্য শোধন এবং কার্বন নিঃসরণ কমানোর জন্য আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।"* এসময় ২০২৬ সালের বৈশ্বিক স্লোগানকে ধারণ করে 'গ্রিন ফ্যাক্টরি' (সবুজ কারখানা) গড়ে তোলার এই ধারাকে ভবিষ্যতে আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইএইচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বলেন, *"আমাদের শিল্পাঞ্চলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব রোধ করতে আমরা আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে মেনে চলছি। ক্ষতিকর রাসায়নিকের নিরাপদ ব্যবস্থাপনা, তরল বর্জ্য শোধনাগারের (ETP) সার্বক্ষণিক কার্যকারিতা এবং শতভাগ প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেল) করার প্রক্রিয়া আমরা সফলভাবে নিশ্চিত করেছি। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং সচেতনতা ক্যাম্পেইন আমাদের সেই ধারাবাহিক পরিবেশবান্ধব প্রচেষ্টারই অংশ।"*

এছাড়া, অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় ও ওয়ালটনের নেওয়া বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিয়ে আরও বক্তব্য দেন রেফ্রিজারেটর প্রোডাকশন বিভাগের প্রধান নাসির উদ্দীন, মানব সম্পদ বিভাগের প্রধান কাউসার উদ্দীন চৌধুরী এবং প্রশাসন বিভাগের প্রধান তানভীর আহম্মেদ।

Link copied!