প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৮:২৮ এএম
1710
১৩ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
বাংলাদেশি হাজিদের দেশে ফেরা
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। ফিরতি ফ্লাইটে ইতোমধ্যে কয়েক হাজার হাজি দেশে পৌঁছেছেন। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৩০ মে দিবাগত রাত পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইটে ৬ হাজার ১৭৫ জন হাজি বাংলাদেশে ফিরে এসেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন।
ফিরতি যাত্রী পরিবহনে বিভিন্ন এয়ারলাইন্স অংশ নিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ৩ হাজার ৩০০ জন হাজি দেশে ফিরেছেন।
এ পর্যন্ত পরিচালিত ১৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪টি ফ্লাইট এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৮টি ফ্লাইট।
অন্যদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন।
তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী হাজিদের মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন। হজ পালনকালে অসুস্থ হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৭৬ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে।
হজ শেষে দেশে ফেরার কার্যক্রম ৩০ মে থেকে শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ফিরতি ফ্লাইট পরিচালনা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে ধাপে ধাপে সব হাজি দেশে ফিরবেন।
হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।