প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:১৭ পিএম
1695
১৩ জুন ২০২৬, ১০:৩৯ পিএম
বরগুনার পাথরঘাটা উপজেলায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রহস্যজনক ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। আজ শনিবার সকালে নিহতের নিজ বাড়ির সামনের রাস্তার পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার মৃত সফেজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রিকশা চালানো শেষে প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে বাড়িতে ফেরেন মিজানুর রহমান। এরপর রাতের খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু আজ শনিবার ভোরের দিকে বাড়ির সামনের রাস্তার পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তাঁদের ডাকচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে মিজানুরের নিথর দেহ শনাক্ত করেন।
পরিবারের দাবি, রাতের খাবার খেয়ে ঘুমানোর পর মিজানুর রহমান রাতের ঠিক কোন সময়ে এবং কেন ঘর থেকে বের হয়েছিলেন—তার কিছুই টের পাননি ঘরে থাকা পরিবারের অন্য সদস্যরা। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানানো হলে সকালের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।
এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানতে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি এই মুহূর্তে তদন্তের স্বার্থে গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।