রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০১:০৮ এএম

কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:৩৭ এএম

1699

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ‘শাহজাহান ম্যানশন’ নামের একটি ভবনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত গীতা দে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি দীর্ঘ চার বছর ধরে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে নিজ কক্ষে গীতা দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাসার মালিক মো. শাহজাহান বলেন, গীতা দে দীর্ঘদিন ধরে তার ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন। রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!