প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
1694
১৬ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম
রাজধানীর আদাবরে ভরদুপুরে চাপাতি ঠেকিয়ে একটি দোকানে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার পর, ছিনতাইকারীদের গোপন আস্তানায় এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। ছিনতাইকারীদের চাপাতির উপর্যুপরি আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ গুরুতর আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এই থমথমে ও হাই-ভোল্টেজ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতাসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের বেড়িবাঁধ সংলগ্ন ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি বস্তিসদৃশ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী হলো কুখ্যাত ‘চোরা রুবেল’ ও ‘কানা আমির’।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে আদাবর এলাকার একটি দোকানে ঢুকে প্রকাশ্য দিবালোকে চাপাতি ঠেকিয়ে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে একদল অপরাধী। ভুক্তভোগীদের মাধ্যমে খবর পেয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে তাৎক্ষণিক বিশেষ অভিযানে নামে আদাবর থানা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় একপর্যায়ে দুপুরের দিকে ডেল্টা গার্মেন্টসের ঠিক পেছনে একটি গোপন আস্তানায় ওই ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয় এবং পুলিশ চারপাশ থেকে কক্ষটি ঘিরে ফেলে।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ছিনতাইকারীরা চরম বেপরোয়া হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। এতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্তাক্ত হন।
এমতাবস্থায় চরম বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের জীবন রক্ষার্থে (আত্মরক্ষার্থে) পুলিশ শটগানের পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে দুই শীর্ষ ছিনতাইকারী রুবেল ও আমির পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই অপরাধীসহ চক্রের মোট চার সদস্যকে হাতেনাতে আটক করে। আহত পুলিশ কর্মকর্তা ও গুলিবিদ্ধ ছিনতাইকারীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার স্বার্থে পুলিশ আইনানুগভাবে গুলি চালাতে বাধ্য হয়। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ ও চারজন আটক হয়েছে।’
ঘটনার সার্বিক বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘আদাবর থানা পুলিশ বেড়িবাঁধ এলাকার একটি নির্দিষ্ট কক্ষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত পেশাদার ছিনতাইকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আদাবর থানার ওসিসহ একজন এসআই আহত হয়েছেন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।’
এদিকে এই থমথমে ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকাসহ পুরো আদাবর-বেড়িবাঁধ জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানেও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং এই চক্রের সাথে জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ফোর্সের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।