প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০৫ এএম
1717
১৪ জুন ২০২৬, ০৪:১৮ এএম
ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন এবং সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন তিনি। রাজধানী ত্যাগের সময় সড়কের দুই পাশে অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।