বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

১৮ জুন ২০২৬, ১২:২৭ এএম

ফেনীতে বজ্রপাতে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

1696

ফেনীর ফুলগাজীতে আকস্মিক বজ্রপাতের ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) বিকেলের দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের কন্যা নাদিয়া আক্তার (১০) এবং পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের পুত্র আবির হোসেন (৭)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন। আবির কয়েক দিন আগে ফুলগাজীতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের পর তীব্র গরমের মাঝে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির ঠিক পাশেই উঠানে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। হঠাৎ বিকট শব্দে তাদের ওপর বজ্রপাত হলে দুজনেই গুরুতর আহত ও ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা চিৎকার শুনে দ্রুত তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত নাদিয়ার বাবা মো. শহীদ কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার পরিবারে এক ছেলে ও এক মেয়ে ছিল। নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। চোখের পলকে আমার ফুটফুটে মেয়ে আর আদরের ভাগনেটা এভাবে চলে যাবে, তা ভাবতেও পারছি না। পুরো পরিবার আজ স্তব্ধ।’

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, ‘বজ্রপাতের শিকার হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছিল। মূলত বজ্রাঘাতের তীব্রতা সইতে না পেরে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘বজ্রপাতে দুই শিশুর অকাল মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি হাসপাতাল থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

Link copied!